ওঁ শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীমদ্ভগবদ্গীতা
অথ মাহাত্ম্যম্
(অবশ্য পাঠ্য)
(খসড়া)
| গীতাশাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমান্ । বিষ্ণোঃ পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জ্জিতঃ ॥১॥ |
যে পুরুষ সংযত চিত্ত হইয়া পুণ্যপ্রদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় এবং শোকাদিরহিত বিষ্ণুর ধাম বৈকুণ্ঠাদি প্রাপ্ত হইবেন ॥১॥
| গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ । নৈব সন্তি হি পাপানি পূর্ব্বজন্মকৃতানি চ ॥২॥ |
গীতাশাস্ত্র অধ্যয়নশীল ও প্রাণায়াম পরায়ণ ব্যক্তির পূর্ব্বজন্ম কৃত বা এই বর্ত্তমান জন্মকৃত কোন পাপই থাকে না, সমস্তই ভষ্ম হইয়া যায় ॥২॥
| মলনির্ম্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে । সকৃদ্গীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্ ॥৩॥ |
মনুষ্যের প্রতিদিন জলে স্নানদ্বারা যেমন শরীরের মল দূর হয়, সেইরূপ একবার মাত্র গীতারূপ জলে স্নান করিলে অর্থাৎ গীতা পাঠ করিলে সংসাররূপ মল নাশ হয় ॥৩॥
| গীতা সুগীতা কর্ত্তব্যা কিমন্যৈঃ শাস্ত্রবিস্তরৈঃ । যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্বিনিঃসৃতা ॥৪॥ |
যে গীতা স্বয়ং ভগবান্ শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে বিনির্গত হইয়াছে, তাহারই নিত্য সুন্দররূপে অধ্যয়নাদি করা কর্ত্তব্য । অন্যান্য বহু শাস্ত্রাধ্যয়ন দ্বারা কি ফল হইবে ॥৪॥
| ভারতামৃতসর্ব্বস্বং বিষ্ণোর্বক্ত্রাদ্বিনিসৃতম্ । গীতা-গঙ্গোদকং পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে ॥৫॥ |
বিষ্ণুর মুখ হইতে বিনির্গত ; মহাভারতরূপ অমৃতের সার ; গীতা নামক গঙ্গাজল পান অর্থাৎ গীতা পাঠ করিলে আর পুনরায় জন্ম হয় না ॥৫॥
| সর্ব্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ । পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ ॥৬॥
|
সমুদয় উপনিষদ্গণ গো সদৃশ ; তাহাদের দোহনকারী নন্দনন্দন শ্রীকৃষ্ণ ; বৎস অর্জ্জুন ; দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত এবং পণ্ডিতগণই ইহার ভোক্তা অর্থাৎ পানকারী ॥৬॥
| একং শাস্ত্রং দেবকীপুত্ত্রগীতমেকো দেবো দেবকীপুত্ত্র এব । একো মন্ত্রস্তস্য নামানি যানি কর্ম্মাপ্যেকং তস্য দেবস্য সেবা ॥৭॥ |
শ্রীকৃষ্ণ-মুখোচ্চারিত গীতাই একমাত্র শাস্ত্র, কৃষ্ণই একমাত্র দেবতা, তাঁহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র এবং সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম্ম ॥৭॥
শ্রীমদ্ভগবদ্গীতামাহাত্ম্যম্
(শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত)
|
ঋষিরুবাচ
গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ সূত ! মে বদ ।পুরা নারায়ণ-ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম্ ॥১॥ |
ঋষি কহিলেন—হে সূত ! পুরাকালে নারায়ণক্ষেত্রে মহামুনি ব্যাস-কথিত গীতা-মাহাত্ম্য আমাকে বলুন ॥১॥
|
সূত উবাচ
ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ততমং পরম্ । শক্যতে কেন তদ্বক্তুং গীতামাহাত্ম্যমুত্তমম্ ॥২॥ |
সূত বলিলেন—হে ভগবান্! আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন । যাহা পরম গোপনীয়তম সেই উত্তম গীতামাহাত্ম্য কে বলিতে সমর্থ ? ॥২॥
| কৃষ্ণো জানাতি বৈ সম্যক্ কিঞ্চিৎ কুন্তীসূতঃ ফলম্ । ব্যাসো বা ব্যাসপুত্ত্রো বা যাজ্ঞবল্ব্যোঽথ মৈথিলঃ ॥৩॥ |
শ্রীকৃষ্ণই ইহা সম্যক্ অবগত ; কুন্তীপুত্র অর্জ্জুন ইহার কিঞ্চিৎ ফল জানেন, আর ব্যাসদেব, শুকদেব, যাজ্ঞবল্ক্য ও রাজর্ষি জনক ইঁহারাও কিছু কিছু জ্ঞাত আছেন ॥৩॥
| অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশং সঙ্কীর্ত্তয়ন্তি চ । তস্মাৎ কিঞ্চিদ্বদাম্যত্র ব্যাসস্যাস্যান্ময়া শ্রুতম্ ॥৪॥ |
এতদ্ব্যতীত অন্যে পরম্পরায় শ্রবণ করিয়া ইহার লেশমাত্র কীর্ত্তন করিয়া থাকেন । আমি ব্যাসদেবের নিকট যে প্রকার শ্রবণ করিয়াছি তাহারই কিঞ্চিৎ এখানে বলিতেছি ॥৪॥
| সর্ব্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ । পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ ॥৫॥ |
উপনিষদ্ সমূহ গাভী-স্বরূপ । গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহাদের দোহনকর্ত্তা । পৃথানন্দন বৎস স্বরূপ । এই গীতামৃতই পরমোৎকৃষ্ট দুগ্ধ এবং সুধীগণই ইহার আস্বাদনকারী ॥৫॥
| সারথ্যমর্জ্জুনস্যাদৌ কুর্ব্বন্ গীতামৃতং দদৌ । লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ ॥৬॥ |
যে কৃষ্ণ অর্জ্জুনের সারথ্য অঙ্গীকার পূর্ব্বক ত্রিলোকের উপকারার্থ এই গীতামৃত প্রদান করিয়াছেন, আমি প্রথমেই সেই কৃষ্ণ-স্বরূপকে নমস্কার করি ॥৬॥
| সংসারসাগরং ঘোরং তর্ত্তুমিচ্ছতি যো নরঃ । গীতানাবং সমাসাদ্য পারং যাতি সুখেন সঃ ॥৭॥ |
যে ব্যক্তি ঘোর সংসার-সাগর উত্তীর্ণ হইতে চাহেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে তাহা সুখেই পার হইতে পারেন ॥৭॥
| গীতাজ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাসযোগতঃ । মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা যাতি বালকহাস্যতাম্ ॥৮॥ |
গীতাজ্ঞান শ্রবণ না করিয়াই যে মূঢ়াত্মা সর্ব্বদা অভ্যাসযোগে মোক্ষলাভ করিতে চায়, তাহাকে বালকেও উপহাস করে ॥৮॥
| যে শৃণ্বন্তি পঠন্ত্যেব গীতাশাস্ত্রমহর্নিশম্ । ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়ঃ ॥৯॥ |
যাঁহারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তাঁহারা কখনই মনুষ্য নহেন—নিশ্চিত দেবতুল্য, ইহাতে সংশয় নাই ॥৯॥
| গীতাজ্ঞানেন সম্বোধং কৃষ্ণঃ প্রাহার্জ্জুনায় বৈ । ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম্ ॥১০॥ |
ভগবান্ কৃষ্ণচন্দ্র গীতাজ্ঞান দ্বারা অর্জ্জুনের সম্বোধনার্থ সগুণ এবং নির্গুণ পরমাভক্তিতত্ত্ব কীর্ত্তন করিয়াছিলেন ॥১০॥
| সোপানাষ্টাদশৈরেবং ভুক্তিমুক্তিসমুচ্ছ্রিতৈঃ । ক্রমশশ্চিত্তশুদ্ধিঃ স্যাৎ প্রেমভক্ত্যাদিকর্ম্মসু ॥১১॥ |
এই প্রকারে ভোগ ও মোক্ষ-নিরাকৃত অষ্টাদশাধ্যায়-সোপানবিশিষ্ট গীতাজ্ঞান-দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং ক্রমশঃ প্রেমভক্ত্যাদি কার্য্যে অধিকার জন্মে ॥১১॥
| সাধো র্গীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্ । শ্রদ্ধাহীনস্য তৎ কার্য্যং হস্তিস্নানং বৃথৈব তৎ ॥১২॥ |
এই গীতারূপ সলিলে স্নান করিয়া সাধুগণ সংসার-মল মুক্ত হন কিন্তু শ্রদ্ধাহীন জনের উহাই হস্তিস্নানের ন্যায় বৃথা হইয়া থাকে ॥১২॥
| গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম্ । স এব মানুষে লোকে মোঘকর্ম্মকরো ভবেৎ ॥১৩॥ |
যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মনুষ্যলোকে নিষ্ফল কর্ম্মকারী ॥১৩॥
| তস্মাদ্গীতাং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ । ধিক্ তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম্ ॥১৪॥ |
অতএব গীতাতত্ত্ব যে জানে না তদপেক্ষা অধম আর কেহ নাই । তাহার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্যদেহে ধিক্ ॥১৪॥
| গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎপরো জনঃ । ধিক্ শরীরং শুভং শীলং বিভবন্তদ্গৃহাশ্রমম্ ॥১৫॥ |
যে গীতার্থ অবগত নহে, তদপেক্ষা অধম আর নাই । তাহার সুন্দর দেহ, চরিত্র, বৈভব, গৃহাশ্রম সকলি ধিক্ ॥১৫॥
| গীতাশাস্ত্রং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ । ধিক্ প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম্ ॥১৬॥ |
যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তদপেক্ষা অধম জন আর নাই । তাহার প্রারদ্ধে ধিক্, প্রতিষ্ঠায় ধিক্, পূজা, দান, মহত্ত্ব সমস্তই ধিক্ ॥১৬॥
| গীতাশাস্ত্রে মতির্নাস্তি সর্ব্বং তন্নিষ্ফলং জগুঃ । ধিক্ তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপো যশঃ ॥১৭॥ |
গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলিয়া কথিত হয় । তাহার জ্ঞানদাতাকে ধিক্, তাহার ব্রতে ধিক্, তাহার নিষ্ঠায় ও তপস্যায়, যশেও ধিক্ ॥১৭॥
| গীতার্থপঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ । গীতাগীতং ন যজ্জ্ঞানং তদ্বিদ্ধ্যাসুরসম্মতম্ । তন্মোঘং ধর্ম্মরহিতং বেদবেদান্তগর্হিতম্ ॥১৮॥ |
যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, তার চেয়ে অধম আর নাই ; যে জ্ঞান গীতায় গীত হয় নাই, সেই জ্ঞান নিষ্ফল, ধর্ম্মরহিত, বেদ-বেদান্ত-গর্হিত এবং অসুর-সম্মত জ্ঞান বলিয়া জানিবে ॥১৮॥
| তস্মাদ্ধর্ম্মময়ী গীতা সর্ব্বজ্ঞানপ্রযোজিকা । সর্ব্বশাস্ত্রসারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে ॥১৯॥ |
অতএব গীতাই ধর্ম্মময়ী সর্ব্বজ্ঞান-প্রযোজিকা এবং সর্ব্বশাস্ত্রসারভূতা বিশুদ্ধা বলিয়া সর্ব্বত্র সর্ব্বকালে সমাদৃতা ॥১৯॥
| যোঽধীতে বিষ্ণুপর্ব্বাহে গীতাং শ্রীহরিবাসরে । স্বপন্ জাগ্রৎ চলন্ তিষ্ঠন্ শত্রুভির্ন স হীয়তে ॥২০॥ |
যে ব্যক্তি বিষ্ণুপর্ব্বদিনে বিশেষতঃ শ্রীহরিবাসরতিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রতাবস্থায়, গমন বা অবস্থানকালে কখনই শক্রদ্বারা পরাভূত হন না ॥২০॥
| শালগ্রাম-শিলায়াং বা দেবাগারে শিবালয়ে । তীর্থে নদ্যাং পঠেদ্গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম্ ॥২১॥ |
যিনি শালগ্রামশিলার সামনে, দেবাগারে বা শিবালয়ে, তীর্থে ও নদীতটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন ॥২১॥
| দেবকীনন্দনঃ কৃষ্ণো গীতাপাঠেন তুষ্যতি । যথা ন বেদৈর্দানেন যজ্ঞতীর্থব্রতাদিভিঃ ॥২২॥ |
দেবকীনন্দন ভগবান্ শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদাধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রতাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না ॥২২॥
| গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা । বেদশাস্ত্রপুরাণানি তেনাধীতানি সর্ব্বশঃ ॥২৩॥ |
যিনি ভক্তিভাবিতচিত্তে গীতাধ্যয়ন করেন, বেদপুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্ব্বতোভাবে তাঁহার অধ্যয়ন করা হইয়া যায় ॥২৩॥
| যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ । যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন্ সিদ্ধিং পরাং লভেৎ ॥২৪॥ |
যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রামশিলাগ্রে, সজ্জনসভায়, যজ্ঞে বিশেষতঃ বিষ্ণু-ভক্তের নিকট গীতাপাঠ করিলে পরমা সিদ্ধি লাভ হয় ॥২৪॥
| গীতাপাঠঞ্চ শ্রবণং যঃ করোতি দিনে দিনে । ক্রতবো বাজিমেধাদ্যাঃ কৃতাস্তেন সদক্ষিণাঃ ॥২৫॥ |
যিনি প্রতিদিন গীতা পাঠ এবং শ্রবণ করেন তাঁহার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ স্বাভাবিক ভাবেই করা হইয়া যায় ॥২৫॥
| যঃ শৃণোতি চ গীতার্থং কীর্ত্তয়ত্যেব যঃ পরম্ । শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রযাতি পরং পদম্ ॥২৬॥ |
যিনি যত্নপূর্ব্বক গীতার্থ শ্রবণ-কীর্ত্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ লাভ করেন ॥২৬॥
| গীতায়াঃ পুস্তকং শুদ্ধং যোঽর্পয়ত্যের সাদরাৎ । বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্য্যা প্রিয়া ভবেৎ ॥২৭॥ |
যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্ব্বক শুদ্ধ গীতাপুস্তক কাহাকেও অর্পণ করেন, তাঁহার ভার্য্যা প্রিয়া হয় ॥২৭॥
| যশঃ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয়ঃ । দয়িতানাং প্রিয়ো ভূত্বা পরমং সুখমশ্নুতে ॥২৮॥ |
এবং তিনি যশ, সৌভাগ্য, আরোগ্যলাভ করেন, ইহা নিঃসন্দেহ । অধিকন্তু প্রিয়জনের অতিপ্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন ॥২৮॥
| অভিচারোদ্ভবং দুঃখং বরশাপাগতঞ্চ যৎ । নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চ্চনং গৃহে ॥২৯॥ |
যে গৃহে গীতার্চ্চন হইয়া থাকে সেখানে কখনও অভিশাপ বা অভিচারোদ্ভব দুঃখ প্রবেশ করে না ॥২৯॥
| তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ । ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং ন চ ॥৩০॥ |
বা কখনও সেখানে ত্রিতাপোদ্ভব পীড়া, বা অন্য প্রকার ব্যাধি বা শাপ, পাপ, দুর্গতি বা নরকভয় থাকে না ॥৩০॥
| বিষ্ফোটকাদয়ো দেহে ন বাধন্তে কদাচন । লভেৎ কৃষ্ণপদে দাস্যাং ভক্তিঞ্চাব্যভিচারিণীম্ ॥৩১॥ |
কদাচ বিষ্ফোটকাদি পীড়া দেহে জন্মে না । এবং তত্রস্থ জনগণ শ্রীকৃষ্ণপাদপদ্মে অব্যভিচারিণী দাস্য-ভক্তি লাভ করেন ॥৩১॥
| জায়তে সততং সখ্যং সর্ব্বজীবগণৈঃ সহ । প্রারব্ধং ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ ॥৩২॥ |
গীতাভ্যাসরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করিলেও সমস্ত জীবগণের সহিত তাহার সখ্যভাব উৎপন্ন হয় ॥৩২॥
| স মুক্তঃ স সুখী লোকে কর্ম্মণা নোপলিপ্যতে । মহাপাপাতিপাপানি গীতাধ্যায়ী করোতি চেৎ । ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনীদলমম্ভসা ॥৩৩॥ |
সে ব্যক্তি মুক্ত, সুখী । এ জগতে কর্ম্ম করিয়াও সে কর্ম্মে লিপ্ত হয় না । গীতাধ্যয়নকারী মহাপাপ, অভিপাপ করিয়া ফেলিলেও সেই সমস্ত পাপ তাহাকে পদ্মপত্র জলের ন্যায় বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না ॥৩৩॥
| অনাচারোদ্ভবং পাপমবাচ্যাদিকৃতঞ্চ যৎ । অভক্ষ্যভক্ষজং দোষমস্পৃশ্যস্পর্শজং তথা ॥৩৪॥ জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যমিন্দ্রয়ৈর্জনিতঞ্চ যৎ । তৎ সর্ব্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ ॥৩৫॥ |
অনাচার-উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষ্য-ভক্ষণ দোষ এবং জ্ঞান-অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতাপাঠে সদ্য বিনষ্ট হয় ॥৩৪–৩৫॥
| সর্ব্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ্য চ সর্ব্বশঃ । গীতাপাঠং প্রকুর্ব্বাণো ন লিপ্যেত কদাচন ॥৩৬॥ |
সর্ব্বত্র ভোজন বা সর্ব্বতোভাবে প্রতিগ্রহণ করিলেও প্রকৃষ্টরূপে গীতাপাঠকারী সর্ব্বদা তাহাতে নির্লিপ্ত থাকে ॥৩৬॥
| রত্নপূর্ণাং মহীং সর্ব্বাং প্রতিগৃহ্যাবিধানতঃ । গীতাপাঠেন চৈকেন শুদ্ধস্ফটিকবৎ সদা ॥৩৭॥ |
এমন কি অবিধিপূর্ব্বক রত্নপূর্ণা সসাগরা ধরিত্রী প্রতিগ্রহকারীও একবার গীতাপাঠেই শুদ্ধ স্ফটিকবৎ নির্ম্মল হয় ॥৩৭॥
| যস্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতে সদা । স সাগ্নিকঃ সদা জাপী ক্রিয়াবান্ স চ পণ্ডিতঃ ॥৩৮॥ |
যাহার অন্তঃকরণ সদা সর্ব্বদা গীতাতেই নিবিষ্ট, তিনিই প্রকৃষ্ট সাগ্নিক, সর্ব্বদা জাপী, ক্রিয়াবান্, এবং তিনিই প্রকৃত পণ্ডিত ॥৩৮॥
| দর্শনীয়ঃ স ধনবান্ স যোগী জ্ঞানবানপি । স এব যাজ্ঞিকো যাজী সর্ব্ববেদার্থদর্শকঃ ॥৩৯॥ |
তিনিই দর্শনীয়, তিনিই ধনবান্, তিনিই যোগী বা প্রকৃত জ্ঞানবান্ এবং তিনিই যাজ্ঞিক, যাজনকারী এবং তিনিই সর্ব্ব বেদার্থ-দর্শক ॥৩৯॥
| গীতায়াঃ পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ত্ততে । তত্র সর্ব্বানি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে ॥৪০॥ |
যেখানে নিত্য গীতা-পুস্তক অবস্থান করে, এ জগতে সেখানে প্রয়াগাদি সকল তীর্থগণ সর্ব্বদা অবস্থান করেন ॥৪০॥
| নিবসন্তি সদা দেহে দেহশেষেঽপি সর্ব্বদা । সর্ব্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহরক্ষকাঃ ॥৪১॥ |
সর্ব্বদা গীতাধ্যয়নকারীর দেহে, বা দেহশেষেও দেহরক্ষক রূপে দেব, ঋষি বা যোগিগণ অবস্থান করেন ॥৪১॥
| গোপালো বালকৃষ্ণোঽপি নারদধ্রুবপার্ষদৈঃ। সহায়ো জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ত্ততে ॥৪২॥ |
যেখানে গীতা বর্ত্তমান থাকেন, সেখানে নারদধ্রুবাদি পার্ষদবৃন্দসহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন ॥৪২॥
| যত্র গীতা-বিচারশ্চ পঠনং পাঠনং তথা । মোদতে তত্র শ্রীকৃষ্ণো ভগবান্ রাধয়া সহ ॥৪৩॥ |
যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান্ শ্রীকৃষ্ণ তথায় শ্রীরাধিকার সহিত পরমানন্দে বিরাজ করেন ॥৪৩॥
|
শ্রীভগবানুবাচ—
গীতা মে হৃদয়ং পার্থ ! গীতা মে সারমুত্তমম্ ।গীতা মে জ্ঞানমত্যুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম্ ॥৪৪॥ |
শ্রীভগবান্ কহিলেন,—হে পার্থ ! গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার-স্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয়-জ্ঞান ॥৪৪॥
| গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম্ । গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ ॥৪৫॥ |
গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরমপদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু ॥৪৫॥
| গীতাশ্রয়েঽহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম্ । গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকীং পালয়াম্যহম্ ॥৪৬॥ |
গীতার আশ্রয়েই আমি বর্ত্তমান আছি, গীতাই আমার পরম গৃহ । এই গীতাজ্ঞানকে সম্যক্ আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করিয়া থাকি ॥৪৬॥
| গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ । অর্দ্ধমাত্রাহরা নিত্যমনির্ব্বাচ্যপদাত্মিকা ॥৪৭॥ |
অর্দ্ধমাত্রা-স্বরূপ নিত্য অনির্ব্বাচ্যপদাত্মিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা—ইহা নিঃসংশয়ে জানিবে ॥৪৭॥
| গীতানামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব । কীর্ত্তনাৎ সর্ব্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ ॥৪৮॥ |
হে পাণ্ডব ! গীতার যে নাম সমূহ কীর্ত্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলিতেছি, শ্রবণ কর ॥৪৮॥
| গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা । ব্রহ্মাবলির্ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তগেহিনী ॥৪৯॥ অর্দ্ধমাত্রা চিদানন্দা ভবঘ্নী ভ্রান্তিনাশিনী । বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী ॥৫০॥ ইত্যেতানি জপেন্নিত্যং নরো নিশ্চলমানসঃ । জ্ঞানসিদ্ধিং লভেন্নিত্যং তথান্তে পরমং পদম্ ॥৫১॥ |
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগেহিনী, অর্দ্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নী, ভ্রান্তি-নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী, যে নর অচঞ্চলচিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন, তিনি দিব্যজ্ঞান-সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন ॥৪৯–৫১॥
| পাঠেঽসমর্থঃ সম্পূর্ণে তদর্দ্ধং পাঠমাচরেৎ । তদা গো-দানজং পুণ্যং লভতে নাত্র সংশয়ঃ ॥৫২॥ |
সম্পূর্ণ গীতাপাঠে অসমর্থ হইলে তাহার অর্দ্ধ্বাংশ পাঠ করিবে । তদ্দ্বারা গো-দান জনিত পুণ্য লাভ হইবে—ইহাতে সন্দেহ নাই ॥৫২॥
| ত্রিভাগং পঠমানন্তু সোমযাগফলং লভেৎ । ষড়ংশং জপমানন্তু গঙ্গাস্নানফলং লভেৎ ॥৫৩॥ |
এক-তৃতীয়াংশ পাঠে সোম-যজ্ঞের ফল এবং এক-ষষ্ঠাংশ জপে গঙ্গাস্নান ফল লাভ করিবে ॥৫৩॥
| তথাধ্যায়দ্বয়ং নিত্যং পঠমানো নিরন্তরম্ । ইন্দ্রলোকমবাপ্নোতি কল্পমেকং বসেদ্ধ্রুবম্ ॥৫৪॥ |
যিনি নিষ্ঠাসহকারে নিত্য ইহার দুইটি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করিয়া তথায় কল্পকাল বাস করেন ॥৫৪॥
| একমধ্যায়কং নিত্যং পঠতে ভক্তিসংযুতঃ । রুদ্রলোকমবাপ্নোতি গণো ভূত্বা বসেচ্চিরম্ ॥৫৫॥ |
যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হইয়া রুদ্রলোক লাভ করেন ॥৫৫॥
| অধ্যায়ার্দ্ধঞ্চ পাদং বা নিত্যং যঃ পঠতে জনঃ । প্রাপ্নোতি রবিলোকং স মন্বন্তরসমাঃ শতম্ ॥৫৬॥ |
যে জন অর্দ্ধ-অধ্যায় বা এক-চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি শতমন্বন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন ॥৫৬॥
| গীতায়াঃ শ্লোকদশকং সপ্ত পঞ্চ চতুষ্টয়ম্ । ত্রিদ্ব্যেকমর্দ্ধমথ বা শ্লোকানাং যঃ পঠেন্নরঃ । চন্দ্রলোকমবাপ্নোতি বর্ষাণামযুতং তথা ॥৫৭॥ |
যে ব্যক্তি এই গীতার দশটি বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুইটি বা একটি বা অর্দ্ধশ্লোকও শ্রদ্ধাসহকারে পাঠ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় অযুতবর্ষকাল বাস করেন ॥৫৭॥
| গীতার্দ্ধমেকপাদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ । স্মরংস্ত্যক্ত্বা জনো দেহং প্রয়াতি পরমং পদম্ ॥৫৮॥ |
যিনি গীতার অর্দ্ধভাগ, একপাদ, বা একটি অধ্যায় বা শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করেন ॥৫৮॥
| গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতঃ । মহাপাতকযুক্তোঽপি মুক্তিভাগী ভবেজ্জনঃ ॥৫৯॥ |
মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিয়া মহাপাতকযুক্ত জনও মুক্তিভাগী হয় ॥৫৯॥
| গীতাপুস্তক সংযুক্তঃ প্রাণাংস্ত্যক্ত্বা প্রয়াতি যঃ । স বৈকুণ্ঠমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে ॥৬০॥ |
যিনি গীতাপুস্তক-সংযুক্ত হইয়া দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠলাভ করিয়া ভগবান্ বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন ॥৬০॥
| গীতাধ্যায়সমাযুক্তো মৃতো মানুষতাং ব্রজেৎ । গীতাভ্যাসং পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম্ ॥৬১॥ |
গীতার একটি অধ্যায় সমাযুক্ত হইয়া মৃত্যু হইলে, পুনরায় সে মনুষ্যজন্ম লাভ করিয়া গীতাভ্যাসের দ্বারা উত্তমা-মুক্তি লাভ করেন ॥৬১॥
| গীতেত্যুচ্চার-সংযুক্তো ম্রিয়মাণো গতিং লভেৎ ॥৬২॥ |
‘গীতা’ এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয় ॥৬২॥
| যদ্যৎ কর্ম্ম চ সর্ব্বত্র গীতাপাঠপ্রকীর্ত্তিমৎ । তত্তৎ কর্ম্ম চ নির্দ্দোষং ভূত্বা পূর্ণত্বমাপ্নুয়াৎ ॥৬৩॥ |
যে সমস্ত কর্ম্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয়, তৎসমুদয়ই নির্দ্দোষ হইয়া পুর্ণত্ব লাভ করে ॥৬৩॥
| পিতৄনুদ্দিশ্য যঃ শ্রাদ্ধে গীতাপাঠং করোতি হি । সন্তুষ্টাঃ পিতরস্তস্য নিরয়াদ্যান্তি স্বর্গতিম্ ॥৬৪॥ |
পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতাপাঠ করেন, তাঁহার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক হইতে স্বর্গগমন করেন ॥৬৪॥
| গীতাপাঠেন সন্তুষ্টাঃ পিতরঃ শ্রাদ্ধতর্পিতাঃ । পিতৃলোকং প্রয়ান্ত্যেব পুত্রাশীর্ব্বাদতৎপরাঃ ॥৬৫॥ |
শ্রাদ্ধকালে গীতাপাঠ দ্বারা শ্রাদ্ধতর্পিত পিতৃগণ, সেই পুত্রকে আশির্ব্বাদ করিতে করিতে পিতৃলোক গমন করেন ॥৬৫॥
| গীতাপুস্তকদানঞ্চ ধেনুপুচ্ছসমন্বিতম্ । কৃত্বা চ তদ্দিনে সম্যক্ কৃতার্থো জায়তে জনঃ ॥৬৬॥ |
চামর সমন্বিত গীতাগ্রন্থ দান করিলে তদ্দিনেই মানুষ সম্যক্ কৃতার্থতা লাভ করেন ॥৬৬॥
| পুস্তকং হেমসংযুক্তং গীতায়াঃ প্রকরোতি যঃ । দত্ত্বা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম্ ॥৬৭॥ |
পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তাঁহার আর জন্ম হয় না ॥৬৭॥
| শতপুস্তকদানঞ্চ গীতায়াঃ প্রকরোতি যঃ । স যাতি ব্রহ্মসদনং পুনরাবৃত্তিদুর্ল্লভম্ ॥৬৮॥ |
যিনি একশতখানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তিদুর্ল্লভ ব্রহ্মধামে গমন করেন ॥৬৮॥
| গীতাদান প্রভাবেন সপ্তকল্পমিতাঃ সমাঃ । বিষ্ণুলোকমবাপ্যন্তে বিষ্ণুনা সহ মোদতে ॥৬৯॥ |
গীতাদান-প্রভাব সপ্ত-কল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করিয়া জীব পরমানন্দে বিষ্ণুর সহিত বাস করেন ॥৬৯॥
| সম্যক্ শ্রুত্বা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েৎ । তস্মৈ প্রীতঃ শ্রীভগবান্ দদাতি মানসেপ্সিতম্ ॥৭০॥ |
যিনি গীতার্থসম্যক্ শ্রবণ করিয়া সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রীভগবান্ প্রীত হইয়া তাঁহার মনোঽভীষ্ট পূরণ করেন ॥৭০॥
| ন শৃণোতি ন পঠতি গীতামমৃতরূপিণীম্ । হস্তাত্ত্যক্ত্বামৃতং প্রাপ্তং স নরো বিষমশ্নুতে ॥৭১॥ |
যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে ॥৭১॥
| জনঃ সংসারদুঃখার্ত্তো গীতাজ্ঞানং সমালভেৎ । পীত্বা গীতামৃতং লোকে লব্ধ্বা ভক্তিং সুখী ভবেৎ ॥৭২॥ |
মরজগতে সংসার-দুঃখার্ত্তজন গীতাজ্ঞান লাভ করিয়া ও গীতামৃত পান করিয়া ভগবদ্ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয় ॥৭২॥
| গীতামাশ্রিত্য বহবো ভূভুজো জনকাদয়ঃ । নির্ধূতকল্মষা লোকে গতাস্তে পরমং পদম্ ॥৭৩॥ |
জনকাদি বহু রাজর্ষি গীতা-জ্ঞান আশ্রয়েই নিষ্পাপ থাকিয়া পরমপদ লাভ করিয়াছেন ॥৭৩॥
| গীতাসু ন বিশেষোঽস্তি জনেষূচ্চাবচেষু চ । জ্ঞানেষ্বেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী ॥৭৪॥ |
গীতাপাঠে উচ্চ নীচ কুলের বিচার নাই । শ্রদ্ধালু মাত্রেই গীতাপাঠের অধিকারী। যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্ম-স্বরূপিণী ॥৭৪॥
| যোঽভিমানেন গর্ব্বেণ গীতানিন্দাং করোতি চ । স যাতি নরকং ঘোরং যাবদাহূতসংপ্লবম্ ॥৭৫॥ |
যে ব্যক্তি অভিমান বা গর্ব্বভরে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্য্যন্ত ঘোর নরকে বাস করে ॥৭৫॥
| অহঙ্কারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে । কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ ॥৭৬॥ |
যে মূঢ়াত্মা অহঙ্কারে স্ফীত হইয়া গীতার্থ অবমাননা করে, সে কল্পক্ষয় কালপর্য্যন্ত কুম্ভীপাক নরকে পচিতে থাকে ॥৭৬॥
| গীতার্থং বাচ্যমানং যো ন শৃণোতি সমাসতঃ । স শূকরভবাং যোনিমনেকামধিগচ্ছতি ॥৭৭॥ |
সম্যক্রূপে গীতার অর্থ কীর্ত্তন করিলেও যে ব্যক্তি তাহা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শূকরযোনি প্রাপ্ত হয় ॥৭৭॥
| চৌর্য্যং কৃত্বা চ গীতায়াং পুস্তকং যঃ সমানয়েৎ । ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ ॥৭৮॥ |
গীতা-পুস্তক যে ব্যক্তি চুরি করিয়া আনে, তাহার কিছুই সফল হয় না, এবং পাঠও বৃথা হইয়া যায় ॥৭৮॥
| যঃ শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতঃ । নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথা শ্রমঃ ॥৭৯॥ |
যে জন গীতা শ্রবণ করিয়াও পরমার্থতঃ আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের ন্যায় সে কোন ফলই পায় না ॥৭৯॥
| গীতাং শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজ্যং পট্টাম্বরং তথা । নিবেদয়েং প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনঃ ॥৮০॥ |
ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করিয়া সুবর্ণ, ভোজ্য ও পট্টবস্ত্র বৈষ্ণব-ব্রাহ্মণকে নিবেদন করিবে ॥৮০॥
| বাচকং পূজয়েদ্ভক্ত্যা দ্রব্য-বস্ত্রাদ্যুপস্করৈঃ । অনেকৈর্বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান্ হরিঃ ॥৮১॥ |
ভগবান্ শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহুপ্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার-দ্বারা ভক্তিপূর্ব্বক পূজা করিবে ॥৮১॥
|
সূত উবাচ—
মাহাত্ম্যমেতদ্গীতায়াঃ কৃষ্ণপ্রোক্তং পুরাতনম্ ।গীতান্তে পঠতে যস্তু যথোক্তফলভাগ্ভবেৎ ॥৮২॥ |
সূত কহিলেন,—ভগবান শ্রীকৃষ্ণ-কথিত এই সনাতন গীতামাহাত্ম্য, যিনি গীতাপাঠান্তে পাঠ করেন, তিনি যথোক্ত ফলভাগী হন ॥৮২॥
| গীতায়াঃ পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ । বৃথা পাঠফলং তস্য শ্রম এব উদাহৃতঃ ॥৮৩॥ |
গীতাপাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ না করেন, তাঁহার পাঠফল বৃথা, পণ্ডশ্রম হয় ॥৮৩॥
| এতন্মাহাত্ম্যসংযুক্তং গীতাপাঠং করোতি যঃ । শ্রদ্ধয়া যঃ শৃণোত্যেব পরমাং গতিমাপ্নুয়াৎ ॥৮৪॥ |
মাহাত্ম্য-সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্ব্বক পাঠ বা শ্রবণ করেন, তিনি পরমাগতি প্রাপ্ত হন ॥৮৪॥
| শ্রুত্বা গীতামর্থযুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ । তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্ব্বসুখাবহম্ ॥৮৫॥ |
যে জন শ্রদ্ধাপূর্ব্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া গীতা-মাহাত্মা শ্রবণ করেন, ইহলোকে তাঁহার পুণ্যফল সর্ব্বসুখের কারণ হইয়া থাকে ॥৮৫॥
| ইতি শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে শ্রীমদ্ভগবদ্গীতা- মাহাত্ম্যং সম্পূর্ণম্ । ইতি শ্রীগীতা মাহাত্ম্যের বঙ্গানুবাদ সম্পূর্ণ । |
সম্পূর্ণোঽয়ং গ্রন্থঃ । শ্রীকৃষ্ণার্পণমস্তু ।